ঘুষের টাকাসহ দূদকের কজ্বায় কর কর্মকর্তা

Spread the love

ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যদের হাতে ধরা পড়েছেন বগুড়ার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত সহকারী কমিশনার অভিজিৎ কুমার দে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাকে গ্রেপ্তার করে।

দুদক জানায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুছ আলী কয়েক বছর আগে বেশকিছু জমি বিক্রি করেন। চলতি বছর তার আয়কর ফাইলে জমি বিক্রির বিষয়টি দেখাতে চান সহকারি কমিশনার কর অভিজিৎ কুমার দে। ইউনুছ কর কার্যালয়ে যোগযোগ করলেও তার ফাইলটি ৬ মাস ধরে আটকে রাখা হয়। ফাইলটি ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন অভিজিৎ।

এ ঘটনায় দুদকের কাছে অভিযোগ দাখিল করেন ইউনুছ আলী। পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে একটি দল কর অফিসে (সার্কেল-১৫) ফাঁদ পাতে।

আজ দুপুরে ইউনুছ সহকারী কর কমিশনার অভিজিতের কক্ষে গিয়ে তাকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এর কিছুক্ষণ পর দুদকের দলটি অভিজিতের কক্ষের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করে ও তাকে গ্রেপ্তার করে।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, ‘বগুড়ার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত সহকারী কমিশনার অভিজিৎ কুমার দের কাছ থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি এই অর্থের ব্যাপারে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *