ছাত্রলীগের পুনর্মিলনেীতে আমন্ত্রন পাননি শোভন-রাব্বানী

Spread the love

নাগরিক ডেক্স : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

জানা গেছে, আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে এই পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।

পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা শোভন ও রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, হাইকমান্ড থেকে তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেছেন রাব্বানীও। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *