নাগিরক রিপোর্ট: সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃস্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছে বরিশালের সাংবাদিকরা। বরিশাল প্রেসক্লাব, টেলিভিশন মিডিয়া অ্যাসোশিয়েসন এবং ইলেট্রনিক্স জার্নালিষ্ট অ্যাশোসনিয়েনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করে।
এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা, খুলনা, মাদারীপুর সহ সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। আইন শৃঙ্খলাবাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হাতকড়া পড়াচ্ছে, কাউকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের দৃস্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান। একই সঙ্গে খুলানায় ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারী চীনা নাগরিককে বাংলাদেশ থেকে বহিস্কারের দাবী জানানো হয়। ।
বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন এর সভাপতি আকতার ফারুক শাহীন প্রমূখ।
২০২০-০১-০৯
