আইনজীবী সমিতি নির্বাচন: কাস্টিং ভোট অপেক্ষা ব্যালট বেশি!

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখা। শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১৩ ফেব্রæয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি করা হয়। কারন হিসেবে সংবাদ সম্মেলনে দাবী করা হয়- নির্বাচনে কাস্টিং ভোটের চেয়ে ৯টি ব্যালট বেশি পাওয়া গেছে। দাবি মানা না হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত ফলাফলের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেবেন।
জানা গেছে, গত ১৩ ফেব্রæয়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সদস্য পদে একজন মাত্র বিজয়ী হন।
শনিবারের সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান নানটু। তিনি অভিযোগ করেন, জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৪টি ভোট। অথচ ৪ জন সভাপতি প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বাতিল হওয়া ৪টি ভোট যোগ করলে দেখা যায় কাস্টিং ভোটের সংখ্যা ৭৬৯টি। অর্থ্যাৎ কাস্টিং ভোটের চেয়ে ৯টি ব্যালট বেশি পাওয়া যায়। অভিযোগ করা হয় ওই ৯টি ব্যালট বারবার ভোটারদের হাতে বদল হয়েছে। লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়- রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সাধারণ ভোটারদের বাধ্য করেন।
লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অভিযোগ করেন, এ বছর প্রথম তারা ভোটের দিন কোন এজেন্ট দিতে পারেননি। একটি গোয়েন্দা সংস্থার দুই জন প্রতিনিধি সার্বক্ষনিক ভোট প্রদানের গোপন কক্ষে অবস্থান করেন। নির্বাচন উপ-পরিষদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে অ্যাডভোকেট মজিবর রহমান নানটু বলেন, নির্বাচন উপ-পরিষদ থেকে একাধিক ফলাফল সিট দেয়া হয়েছে। যাতে বড় ধরনের গড়মিল ধরা পড়েছে। একটি ফলাফল সিটে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আফজালুল করিম পেয়েছেন ৪২২ ভোট, আবার দ্বিতীয় ফলাফল সিটে দেখানো হয়েছে তিনি পেয়েছেন ৪৩২ ভোট। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নির্বাচন উপ-পরিষদ একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছেন। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুন:নির্বাচন দাবি করছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মির্জা মোঃ রিয়াজ হোসেন, বিএনপি সমর্থিত সিনিয়র আইনজীবী নাজিম উদ্দিন পান্না, হাফিজ আহম্মেদ বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *