নাগরিক ডেস্ক: ১০ শতাংশ নারী পুলিশ নিজেদের কর্মস্থলে বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এর মধ্যে মধ্যপর্যায়ের ২ দশমিক ৭ শতাংশ, সাব-ইন্সপেক্টর পর্যায়ে ৩ দশমিক ৩ শতাংশ। তবে সবচেয়ে বেশি হয় কনস্টেবল পর্যায়ে। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ বাংলাদেশের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
অ্যাকশন এইডের আরেকটি পরিসংখ্যান থেকে দেখানো হয়, ৮০ শতাংশ গার্মেন্টস শ্রমিক কারখানাতে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া ব্র্যাকের এক গবেষণায় দেখা যায়, ৯৪ শতাংশ নারী পরিবহন চলাচলের সময় মৌখিক, দৈহিক এবং অন্য যেকোনো ধরনের যৌন হয়রানির শিকার হন। প্রধান যৌন আক্রমণকারীরা ৪১ থেকে ৬০ বছর বয়সী পুরুষ।
গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী নারী আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ‘কর্মক্ষেত্রে সকল প্রকার সহিংসতা ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০-এর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিরীন আকতার।
