নাগরিক রিপোর্ট: বরিশালে নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবী জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। এসময় দলটির পক্ষ থেকে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূনর্বাসনেরও দাবী জানানো হয়। এসব দাবীতে রোববার নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান করেছেন ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ। মানববন্ধনে নদীবেষ্টিত জেলার ৬ উপজেলার দুর্দশার কথা তুলে ধরা হয়।
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বরিশালের সন্ধ্যা, সুগন্ধ্যা, আড়িয়াল খাঁ, জয়ন্তী নদীর ভাঙ্গনে প্রতিবছর শত শত একর জমী বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের হাত থেকে স্কুল, কলেজ, মাদ্রাসাও রক্ষা করা যায়নি। সরকার এ বিষয়ে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহন করেনি।
বক্তারা বলেন, নদী ভাঙ্গন, নদী শাসন, জলাধার নির্মানসহ আধুনিক পদক্ষেপগুলো সমন্বিতভাবে গ্রহন করে স্থায়ী সমাধানের পথ খোজা দরকার। তা নাহলে ওইসব নদী সংলগ্ন উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জের মানুষ ক্রমশ বেকার ও দিনমজুরে পরিনত হয়ে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারন সম্পাদক সাবেক এমপি শেখ মো: টিপু সুলতান, জেলা সদস্য মোজাম্মেল হক ফিরোজ, যুবমৈত্রীর সভাপতি ফায়জুল হক বালী ফরাহিন, ছাত্রমৈত্রী সভাপতি মিন্টু দে। পরে জেলা প্রশাসন কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ গেলে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল স্মারকলিপি গ্রহন করেন।
