নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের পাঠদান করানোর অভিযোগে ‘হাতেখড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার’ নামক একটি প্রতিষ্ঠান প্রশাসন বন্ধ করে দিয়েছে। এ সময় কোচিং সেন্টারের পরিচালক হাবিবুর রহমান ও আরেক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস চন্দ্র দে এ পদক্ষেপ নিয়েছেন।
অভিযুক্ত কোচিং প্রতিষ্ঠানটি হচ্ছে মেহেন্দিগঞ্জ পৌর শহরের আম্বিকাপুর তেতুলতলা এলাকায় অবস্থিত হাতেখড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনাকালীন সময়ের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। ওই প্রতিষ্ঠানটি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিশু শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখে। স্থানীয় মাধ্যমে এ খবর পেয়ে মঙ্গলবার বেলা ১২টায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম হোসেন সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান।
কোচিং বানিজ্যের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালক হাবিবুর রহমান সহ দুই জনকে আটক করা হয়। পরে তারা ভ্রাম্যামান আদালতে দন্ডিত হয়ে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।
