নাগরিক রিপোর্ট:
বরিশালের গৌরনদীতে ঔষধ ব্যবসায়ী রতন হালদারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৎস্য ঘের মালিক রতন হালদার জানান, পৌরসভার টরকী বন্দরে তার ফার্মেসী (ঔষধের দোকান) বন্ধ করে সোমবার রাত ১১টার দিকে বাড়িতে ঘুমাতে যান। ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তিনি (রতন) মৎস্য ঘেরে ফিস ফিডস দিতে যান।
এ সময় তিনি মৎস্য ঘেরে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখেন। তার ধারনা প্রতিপক্ষরা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে থানায় সাধারন ডায়রি করা হবে বলে রতন জানান।
এব্যপারে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে তারা কোন লিখিত অভিযোগ পাইননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
