মেহেন্দীগঞ্জে প্রধানমন্ত্রীকে হেয় করে উপাধ্যক্ষের বক্তব্য, মামলা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ প্রধানমন্ত্রীকে হেও করে বক্তব্য দেয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার ১ হাজার কোটি টাকার মানহানী হয়েছে এমন উল্লেখ করে মামলা দায়ের করেছেন এক আওয়ামী লীগ নেতা। উপজেলার কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া বাদী হয়ে রবিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন- গত ২৬ জানুয়ারী বিকালে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুর ডালিম প্রতীকের পক্ষে ওই এলাকার আকন বাড়ির সামনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বক্তৃতায় পাতারহাট সরকারী আরসি কলেজের উপাধ্যক্ষ সহিদুল ইসলাম বলেন, স্থানীয় এমপি পঙ্কজ নাথের মনোনয়ন শেখ হাসিনার হাতে নয় বরং আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কি, যাবে না তা পঙ্কজ নাথের উপর নির্ভর করে। পঙ্কজ নাথকে মনোনয়ন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। তিনি তার বক্তব্যে শেখ হাসিনার উর্ধ্বে এমপি পঙ্কজ নাথকে স্থান দিয়েছেন।

মামলায় বাদী আরো উল্লেখ করেছেন- উপাধ্যক্ষ সহিদুল ইসলাম কোনো ধরনের সম্মান প্রদর্শন না করে প্রধানমন্ত্রীকে ‘শেখ হাসিনা’ বলে বক্তব্য দিতে থাকেন। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করেছেন। এতে বাদী মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ হাজার কোটি টাকার মানহানী হয়েছে এবং সহিদুল ইসলামের বক্তব্যে বাদীর রক্তক্ষরণ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং পত্রিকায় বক্তব্য দেখতে পেয়ে তিনি এই মামলা দায়ের করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মুনসুর আহমেদ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। যার মামলা নং ২৬/২০২১। মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন বিচারক বলে জানান অ্যাড. মনসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *