নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ও উপসর্গ সহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা কম হওয়ায় কমেছে শনাক্তের সংখ্যা। তবে বেড়েছে পরীক্ষার বিপরীতে বেড়েছে শনাক্তের হার।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ২৮৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৯। আগের দিন শুক্রবার বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৬০।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষায় ২৮৪ জন পজিটিভ শনাক্ত হন। পরিচালক ডা. বাসুদেব কুমার আরও জানান, ২৪ ঘন্টায় পজিটিভ শনাক্ত পিরোজপুরে ৫ জন ও বরিশালে ২ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১৩ জন মারা গেছেন। তারমধ্যে চারজন করোনা পজিটিভ শনাক্ত এবং অপর ৯ জনের উপসর্গ ছিল।
তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জন পজেটিভ শনাক্ত হন। সে হিসাবে শনাক্তের হার ৬৫ দশমিক ৮২। যা শুক্রবার ছিল ৫৩ দশমিক ১৫।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় মোট সংক্রামিত করোনা রোগীর অর্ধেকের বেশী বরিশাল জেলায়। এ জেলাতে ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ১৭৬ জন। শনাক্তের হার ৫১ দশমিক ০১। বরগুনা জেলাতে শনাক্তের হার ৪৫ ভাগ। এ জেলায় ২৪ ঘন্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায ১৮ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
পিরোজপুর জেলাতে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৩৬। প্রায় সমসংখ্যক ৩৬ দশমিক ৯৬ ভাগ শনাক্ত হয়েছে ভোলা জেলাতে। এ জেলায় ৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
বিভাগের অপর চার জেলার তুলনায় ঝালকাঠী ও পটুয়াখালীতে শনাক্তের হার কম। এ দুই জেলাতে শনাক্তের হার ঝালকাঠীতে ১৬ দশমিক ৬৭ এবং পটুয়াখালীতে ২১ দশমিক ২১। ঝালকাঠীতে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন এবং পটুয়াখালীতে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৮৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫৫ জন পজিটিভ শনাক্ত।
