নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দেড় টায় নগরীর শেরে বাংলা মেডিকেলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে লাইটপোস্টে আঘাত হানলে তাদের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নিহতরা হচ্ছে- ভাটিখানা সেকশন রোড নিবাসী দেলোয়ার হোসেনের পুত্র ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আহমেদ হোসাইন রুবেল (৩৪) এবং সাবান ফ্যাক্টরীর আ: রব হাওলাদারের পুত্র উজ্জল হাওলাদার (৩৬)। নিহত উজ্বলের ৩টি সন্তান রয়েছে। তিনি চট্টগ্রামে চাকরি করেন।
ভাটিখানার স্থানীয় বাসিন্দা জিহাদ হোসেন বলেন, নাজিরপুলে শোক দিবস উপলক্ষে সাজ্জসজ্জা করে রাতে ওই ২জন ত্রিশ গোডাউন থেকে ফিরছিল। পথিমধ্যে মেডিকেলের সামনে দুর্ঘটনায় পরে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। দুপুরে তাদের লাশ বাসায় নিয়ে আসা হয়। বাদ আশার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানান জিহাদ।
এব্যপারে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, রুবেল এবং উজ্জল দুই বন্ধু ত্রিশ গোডাউন নদীর পাড় থেকে মোরসাইকেলে ফিরছিলেন। পথিমধ্যে রাত দেড়টার দিকে মেডিকেলের সামনে নিয়ন্ত্রন হারিয়ে লাইটপোস্টে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
