নাগরিকরিপোর্ট:
বরিশালে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচী। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর বরিশাল ক্লাব অমৃতলাল দে মিলনায়তনে টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র সাদিক বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য আজ বরিশালে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল জেলার মোট ৪৬ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।
এসময় তিনি কেন্দ্র ঘুরে শিক্ষার্থীদের খোজখবর নেন। প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন ফরম দেখিয়ে টিকার ফরম পূরন করে তাৎক্ষনিক টিকা গ্রহন করছে।
