নাগরিক রিপোর্ট : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম। দেশ ও মানুষের জীবনমানের উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে তাতে আমরা অল্প কয়েকবছরের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধ দেশের তালিকায় বাংলাদেশের স্থান হবে ১১ থেকে ১৫তমের মধ্যে। প্রায় ১৪ বছর দেশের শান্তিশৃঙ্খলা স্থিতিশীল অবস্থায় থাকায় আমরা দ্রুতগতিতে অর্থনৈতিক সমৃদ্ধ হতে যাচ্ছি। শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখার এ গৌরব দেশের পুলিশ বাহিনীর। এক সময়ের তলাবিহীন ঝুড়ির খেতাব পাওয়া বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বে কাছে একটি বিস্ময়কর রাষ্ট্রে পরিনত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
আইজিপি আরও বলেন, ৪ হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা যাবে বাঙ্গালীর শাসনব্যবস্থা বাঙ্গালীর হাতে ছিলনা। ভিন্ন গোষ্ঠীরা বাঙ্গালীদের শাসন-শোষন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে অর্জন করে প্রথম আমাদের শাসনব্যবস্থা আমাদের হাতে ফিরিয়ে এনেছেন। বিস্ময়করভাবে সেই বাংলাদেশের উন্নয়নের বিশ্ব রোল মডেলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা।
সুধী সমাবেশে আরও বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল শহীদুজ্জামান খান, ডিজিএফআই’র বরিশাল কার্যালয়ের প্রধান কর্নেল এম এ সাদি, বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, পুলিশের রেঞ্জ ডিআইজি এস.এম আখতারুজ্জামান, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন প্রমানিক, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
সুধী সমাবেশের আগে আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন উদ্বোধন করেন। সুধী সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়।##
২০২১-১১-১৭
