মেঘনা জনপদে আ’লীগে একের পর এক প্লাটফর্ম

Spread the love

নাগরিক রিপোর্ট:
মেঘনা ঘেরা জনপদে হিজলা ও মেহেন্দীগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগে একের পর এক প্লাটফর্ম গড়ে উঠছে। মেহেন্দীগঞ্জে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন খান বিশাল সোডাউন দিয়েছেন। তাকে গনসংবর্ধনা দেন আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এর আগে আ’লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ দুটি বিশাল সমাবেশ করে নিজের অবস্থান জানান দেন। সম্প্রতি ওই জনপদে পদচারনা বাড়িয়ে দিয়েছেন নগর আ’লীগের সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম। আগামী নির্বাচনে স্থানীয় সাংসদ পংকজ নাথ অনুসারীদের বিরুদ্ধে শক্ত প্লাটফর্ম গড়াই এর লক্ষ্য।

এদিকে আ’লীগের এ আসনে সাংসদ পংকজ কোনঠাসা হয়ে পড়ায় অনুসারীরা ছাড়ছেন তাকে। এমনকি পংকজ অনুসারীদের চাপে রাখতে মেহেন্দীগঞ্জে আ’লীগের সম্মেলন করারও গুঞ্জন ছড়িয়ে পড়ছে নেতাকর্মীদের মাঝে।

সোমবার বেলা ১২টায় মেহেন্দীগঞ্জে এসে পৌছান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক লন্ডনপ্রবাসী হেমায়েত উদ্দিন খান। নেতাকর্মীর বিশাল বহর শেষে তিনি মেহেন্দীগঞ্জের পাতারহাট মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ মাঠে এক পথসভায় অংশগ্রহন করেন। এসময় শত শত আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পথসভায় হিমু বলেন, রাজনীতি করলে এমপি মন্ত্রী হওয়া লাগে না। কোন অন্যায়ের কাছে মাথানত করবো না। এ জনপদের কোন আ’লীগকে আর নির্যাতিত হতে দিবো না। আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাবেকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মেহেন্দিগঞ্জের দুই কৃতি সন্তান আওয়ামীলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও ঢাকা মহানগরের (দক্ষিণ) বিগত কমিটির সাধারন সম্পাদক শাহে আলম মুরাদকে নিয়ে গত ১২ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ ও ১৩ ডিসেম্বর হিজলায় বড় শোডাউন করেছে এমপি পংকজ বিরোধী নেতাকর্মীরা।

বর্তমান পরিস্থিতিতে অনেকেই এমপি বলয় ছাড়ছেন। গত ২৮ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লা এমপি’র সঙ্গে সাক্ষাত করেন মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন। ২০১৯ সালের ১২ অক্টোবর নির্বাচনে এমপি পংকজের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রাথীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এই লিটন।

একইভাবে মেহেন্দীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মেহেন্দিগঞ্জ পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ও লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালও এমপি পংকজ থেকে দুরে থাকছেন বেশ কিছুদিন ধরে। এবিষয়ে মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন সাংবাদিকদের বলেন, এমপি হাসানাত ভাই দক্ষিণাঞ্চলে আ’লীগের কর্ণধার। তার সঙ্গে দেখা করতেই পারেন।

জানতে চাইলে নগর আ’লীগের সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, তিনি হিজলা-মেহেন্দীগঞ্জের আসনে একাধিকবার মনোনয়ন চেয়েছেন তিনি। তার রাজনীতির ভীত ওখানেই। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন নানা প্লাটফর্ম হবেই। তিনি আ’লীগ নেত্রী শাম্মী ও ঝাত্রলীগ নেতা হিমুর আগমনকে ইতিবাচক দাবী করে বলেন, সাংসদ পংকজের বিরুদ্ধে তিনিই প্রথম রুখে দাড়িয়েছেন।

স্থানীয় তথ্যমতে, ২০১৪ সালের নির্বাচনে পংকজ নাথ এমপি নির্বাচিত হওয়ার পর মেহেন্দিগঞ্জ ও হিজলা আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। দুই পক্ষের রক্তক্ষায়ী সংঘর্ষে চলতি বছরেরই মেহেন্দীগঞ্জে নিহত হয়েছেন ৪ জন। গত দুই মেয়াদে হিজলা ও মেহেন্দিগঞ্জে নির্বাচনে বিজয়ী এমপি অনুসারীরা দলে ফেরা শুরু করেছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথের ঘনিষ্ঠ সহচর উপজেলা আ’লীগের সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু এ প্রসঙ্গে বলেন, যারা মেহেন্দীগঞ্জের কৃতি সন্তান মহিউদ্দিন ভাইকে নির্বাচনে হারিয়ছে, তারাই এখন এমপি পংকজকে হারাতে চান। যেকারনে এলাকায় শোডাউন দেয়। শোনা যায় মেহেন্দীগঞ্জ আ’লীগের নতুন কমিটি করবে। তাদের লক্ষ্য আমাদের আ’লীগ থেকে বিতারিত করা। পংকজ নাথ এ আসনের এমপি হওয়ায় দেশবিরোধী গোষ্ঠী এমপির বিরোধীতায় নেমেছেন। উপজেলা চেয়ারম্যান লিটনের মত সুবিধাবাদীরা আরও সুবিধার আশায় নতুন জায়গা খুজছেন। তিনি বলেন, তারাও নেত্রীর সাথে সাক্ষাত করে হিজলা-মেহেন্দীগঞ্জের চিত্র তুলে ধরবেন।

এব্যপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস বলেন, নতুন বছরে তাদের লক্ষ্য আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী করা। সেই লক্ষ্যে মেহেন্দীগঞ্জ আ’লীগেরও সম্মেলন করার চিন্তাভাবনা চলছে। তারা ভেদাভেদ ভুলে ওই জনপদে আওয়ামী লীগকে শক্তিশালী করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *