এমপি শাহে আলমের উপস্থিতিতে বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী পরিবারের জমি দখল

Spread the love

বরিশালের বানারীপাড়া পৌর শহরে শহীদ বুদ্ধিজীবি জ্যোতির্ময় গুহ ঠাকুরতার স্বজনদের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ওই জমি দখল করা হয়েছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন।
অভিযোগ আছে, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য শাহে আলমের উপস্থিতিতে জমিটি দখল করা হয়। সাংসদ শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
স্থানীয় সুত্র জানায়, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা ও তাঁর ভাই প্রয়াত প্রফুল কুমার গুহের জমিতে স্থাপিত হয়েছে। বিদ্যালয়ের পাশেই প্রয়াত প্রফুল্ল কুমার গুহের দুই ছেলে অনুপ গুহ ও পল্লব গুহের নামে রেকর্ডীয় ৫ শতাংশ জমি আছে বলে দাবী করেছেন অনুপ গুহ। সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে অনুপ অভিযোগ করেন, রোববার বিকেলে বিদ্যালয়ের নামে দখলে নেয়া হয় তাদের ওই ৫ শতাংশ জমি। এসময় অনুপ গুহ বাঁধা দিলেও কোন লাভ হয়নি। বরং তাকে হুমকি-ধামকি দিয়ে চলে যেতে বাধ্য করা হয়েছে।
অনুপ গুহ আরও বলেন, বিদ্যালয়ের পাশে পৈত্রিক সূত্রে তাদের দুই ভাইয়ের ১৩ শতাংশ জমি ছিল। এরমধ্যে ৮ শতাংশ জমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন করার জন্য ২০২১ সালে অধিগ্রহণ করা হয়। বাকি ৫ শতাংশ জমিতে একটি পুরনো ভবন ছিল। ওই ভবনটিতে রেডসান নামে শিশুদের একটি বিদ্যালয় ছিল।
অনুপ গুহ অভিযোগ করে বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সাংসদ শাহে আলম লোকজন নিয়ে ওই জমিতে থাকা টিনের বেড়া ভেঙে ফেলেন। দুইপাশে বালিকা বিদ্যালয়ের দেয়াল ভেঙে জমিটি বিদ্যালয়ের সঙ্গে মিলিয়ে দেয়া হয়। পরে টিনের বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে।
অনুপ গুহ বলেন, তিনি আজ মঙ্গলবার বিষয়টি জেলা প্রশাসকের দপ্তরে লিখিতভাবে জানাবেন।
এ অভিযোগের বিষয়ে সাংসদ শাহে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমকে বলেন, যে জায়গা বিদ্যালয়ের জন্য নেয়া হয়েছে সেখানে একসময় ইউনিয়ন পরিষদ ভবন ছিল। বিদ্যালয় লাগোয়া ওই জায়গায় মার্কেট করার পরিকল্পনা করছিল একটি মহল। তাই বিদ্যালয় সংশ্লিষ্ট সবাই এ জায়গাটি বিদ্যালয়ের মধ্যে রাখার পক্ষে মত দিয়েছেন। স্থানীয় অনুপ গুহ দাবী করছেন জমিটি তাদের। সাংসদ শাহে আলম বলেন, ওই জমির যিনি প্রকৃত মালিক তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে জমির বাজার দর অনুযায়ী মূল্য পরিশোধ করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *