নাগরিক রিপোর্ট : নিবাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে অষ্ট্রেলিয়ান নাগরিত্ব ত্যাগ করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ। এ সংক্রান্ত তার আবেদন গত ৮ ডিসেম্বর অষ্ট্রেলিয়া সরকার গ্রহন করেছে। তবে এতেও নির্বাচন কমিশনের (ইসি) আপীলে শাম্মী আহমেদের প্রাার্থীতা ফিরে পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ড. শাম্মী বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন। যাছাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গত ৪ ডিসেম্বর রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম তার প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। প্রার্থীতায় ফিরতে ইসিতে করা তার আপীলের শুনানী হবে বুধবার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে মনোনয়ত্র দাখিলের আগে বিদেশী নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন। তখনও তিনি অষ্ট্রেলিয়ান নাগরিক ছিলেন।
আবেদন কপিতে দেখা গেছে, শাম্মী আহমেদের আবেদন অষ্ট্রেলিয়ান সরকার গত ৮ ডিসেম্বর গ্রহন করেছেন। আবেদন আইডি নং ১৮৫৫৫৩৩৪১।
এ বিষয়ে ড. শাম্মী সাংবাদিকদের বলেন, তিনি ২৮ নভেম্বর অষ্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। অষ্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহন করেছে এমন প্রমানপত্র প্রসঙ্গে ড. শাম্মী বলেন, ‘ যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন। তাই বিচারাধীন বিষয় নিয়ে কোন মন্তব্য করা যাবেনা’।
ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, অষ্টেলিয়ান নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিয়মানুযায়ী তার প্রার্থীতা বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। এখন ইসিকে ধোকা দিতে তিনি অষ্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, হিজলা-মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধের জেরে দলীয় পদ হারানো পঙ্কজ নাথ দলের মনোনয়নবঞ্চিত হন। নৌকার মনোনয়ন পেয়েছেন ড. শাম্মী আহমেদ। মনোনয়য়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকালে পঙ্কজ নাথের অনলাইনে মনোনয়ন জমা এবং যাছাই-বাছাইয়ে পঙ্কজের তোলা দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শাম্মীর মনোনয়ন বাতিল হওয়ায় বিষয়টি রাজনীতিতে তুমুল আলোচিত হয়। ##
