চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শনিবার (১৪ সেপ্টেম্বর) বরিশালে বিভাগীয় ছাত্র সমাবেশ করবে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশের আয়োজন করা হলেও এটাকে কেন্দ্র করে বড় ধরনের শোডাউনের প্রস্ততি নিয়েছে চরমোনাই পীরের দল। ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন। এছাড়া দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতা ছাত্র সমাবেশে বক্তৃতা করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুতিকাগার হিসাবে গণ্য করা হয় বরিশালকে। এ নগরীতে যেকোন ধরনের কর্মসূচীতে কর্মী-সমর্থকদের ব্যাপক সমাগম করেন তারা। ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও দেশের মধ্যে বড় ছাত্রসমাবেশ বরিশালে করার প্রস্ততি নিয়েছে সংগঠনটি।
শনিবার বেলা আড়াইটায় নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউতে সমাবেশ শুরু হবে। ছাত্র আন্দোলনের সমাবেশ হলেও চরমোনাই পীরের অনুসারীরা এ সমাবেশে যোগ দিয়ে বড় ধরনের শোডাউন করবেন বলে জানা গেছে।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক কেএম শরীয়তউল্লাহ ডেইলি নাগরিককে বলেন, ১৯৯১ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা হয়। এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ করা হবে শুক্রবার। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ন দিক-নির্দেশনা দেবেন এ সমাবেশ থেকে।
২০১৯-০৯-১৩
