নাগরিক রিপোর্ট ॥ সদরঘাটসহ সারাদেশে লঞ্চ টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করায় তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মো. আবু তালেব এ রিট আবেদন করেছেন।
নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টোল বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিনা ফিতে লঞ্চ টার্মিনালে প্রবেশ করার সুযোগ চেয়ে সংশ্লিষ্টদের কাছে পাঠানো আইনি নোটিশের জবাব না পেয়ে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনে অর্থ ও নৌ সচিব, বিআইডাব্লিউটিএ চেয়ারম্যানসহ ৭ জনকে বিবাদি করা হয়েছে। গত ২ অক্টোবর আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে আইন পাশ না করে জনগনের ওপর কর আরোপ করা যাবে না। কিন্তু কোন আইন ও কর্তৃত্ববলে টোলের পরিমাণ বাড়ানো হয়েছে? গত ৩০ সেপ্টেম্বর সারাদেশে লঞ্চ টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়, যা পহেলা অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট আবেদন করা হলো।
২০১৯-১০-২৮
