নাগরিক রিপোর্ট ॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বরিশালে অনেক মানুষ রয়েছেন যাদের স্বজনরা ভারতে থাকেন। আবার অনেকে ভ্রমন, চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া আসা করেন। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র স্থানান্তরিত হওয়ায় সেবার মান বাড়বে। বরিশাল থেকে কোলকাতায় সরাসরি বরিশাল এক্সপ্রেস নামে বাস সার্ভিস চালু করতে যে ধরনের কাজ করা প্রয়োজন তা শুরু করেছি। ভারতীয় হাইকমিশনারের কাছে একটি আবেদনও দিয়েছি। বরিশাল এক্সপ্রেস চালু হলে ভারতের সাথে বন্ধুত্ব আরও দৃড় হবে। সোমবার নগরীর কাশিপুরে নতুন স্থানান্তরিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) মি. রাজেশ কুমার রায়না বলেন, বরিশালে দিনে দিনে ভারত ভ্রমনেচ্ছুদের সংখ্যা বাড়ছে। তাদের সুবিধার কথা বিবেচনা করে বুহৎ পরিসরে নতুন স্থানে ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আজ থেকে চালু করা হলো। তিনি বলেন, আমরা চেষ্টা করছি বরিশাল এক্সপ্রেস নামে বরিশাল থেকে কোলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করতে। এর মাধ্যমে বরিশাল থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা আরো সহজ হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান-বিপিএম(বার), বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান সিকদার, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমূখ।
২০১৯-১১-২৫
