নাগরিক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ভিপি নুরুল হক নুরু’র উপর ছাত্রলীগের হামলা ও ভারতে এনআরসি এর বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে বরিশাল বিএম কলেজে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’। সোমবার বেলা ১২টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡র থেকে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল বের হয়। একই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে মানববন্ধন পালন করেন।
মিছিলকারীরা ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেক বার, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ এক হও, নুরুর উপর হামলা কেন প্রশাসন জবাব চাই’ শ্লোগান দেয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। একই দাবীতে সেখানে মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রনি খন্দকার, রেজাউল করিম এবং হিসাব বিজ্ঞান বিভাগের মো. জিয়াউল হাসান সহ অন্যান্যারা। বক্তারা ভারতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। একই সাথে ডাকসু ভিপি নুরুল হক নুরুর উপর হামলাকারীদের কঠোর বিচার দাবী করেন তারা।
এদিকে বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের সামনে শিক্ষার্থীরা ঢাবি ভিপির উপর হামলার প্রতিবাদ জানান। এসময় বক্তব্য রাাখেন মাহমুদুল হাসান, মো: খালেদ প্রমূখ।
২০১৯-১২-২৩
