নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মুলাদীতে মঙ্গলবার বনিক সমিতির সভাপতির ফার্নিচারের দোকানের মালামাল লুটের অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আরিফ সরদার এর নেতৃত্বে একদল জাপা কর্মী এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার শিকার বন্দর বনিক সমিতির সভাপতি এফ এম মাইনুল ইসলাম বলেন, জাপা কার্যালয় করার জন্য তার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেস্টা করা হয়েছে। লুট করা হয়েছে মালামাল।
বনিক সমিতি সভাপতি মাইনুল বলেন, সকাল ৯টায় জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আরিফ সরদার তার লোকজন নিয়ে এসে পৌর এলাকার গোডাউন রোডে তার দোকানের মালামাল সরানো শুরু করে। তারা একপর্যায়ে ওই দোকানে থাকা ফার্নিচার ও প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিলও করেছে। তিনি বলেন, স্থানীয় সাংসদ ও জাপা নেতা গোলাম কিবরিয়ার অনুসারীরা দলীয় কার্যালয় করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তার মালামাল লুটের অভিযোগে তিনি থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আরিফ সরদার বলেন, জমিটি স্থানীয় সাংসদ ও জাপা নেতা গোলাম কিবরিয়া টিপুর। ওই জমি জোর করে দখল করে রেখেছে মাইনুল। তার দলের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে খালি জায়গায় চেয়ার টেবিল দিয়ে বসেছিল। ওই জমিতে তাদের আগেও উপজেলা জাপা কার্যালয় ছিল। এ নিয়ে ঝামেলা হয়েছে মাত্র। পরে এ নিয়ে সালিস এর উদ্যোগ নেয়া হয়েছে।
এব্যপারে মুলাদী থানার ওসি ফয়জে উদ্দিন বলেন, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক আরিফ দাবী করেছেন এটি জাপার জায়গায়। তারা সেখানে অফিস ঘর করবেন। যেকারনে বনিক সমিতি নেতার মালামাল সরিয়ে ফেলা হয়েছিল। পরে স্থানীয়দের হস্তক্ষেপে মালামাল ফেরত দেয়া হয়েছে।
২০১৯-১২-২৪
