বাকেরগঞ্জে সরকারি দফতরে ছাত্রলীগের হামলা-ভাংচুর

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে ভাংচুর করেছে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক। ভাংচুরের পর তালাবদ্ধ করে রাখা হয় অফিস সহকারী শামসুজ্জামান খানকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে শামসুজ্জামানকে উদ্ধার করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। হামলার সময় বাকেরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সেখানে ছিলেন না। জানা গেছে, পরিসংখ্যান অফিসে নিয়োগে বানিজ্য করতে না পাড়ায় এই হামলা করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সুত্র জানায়, জনশুমারীর জন্য উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌর শহরের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিয়োগপ্রাপ্ত ৩০০ জনের তালিকা টানিয়ে দেয়া হয় পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে। প্রত্যক্ষদর্শী সুত্র জানান, নিয়োগপ্রাপ্তদের তালিকা টানিয়ে দেয়ার পর ওই কার্যালয়ের সামনে যান উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া। এসময় সহ সভাপতি আক্কাস হোসেন ও দেলোয়ার হোসেন সহ ১০/১৫ জন সাইফুলের সঙ্গে ছিলেন। এক পর্যায়ে সাইফুল ইসলাম ডাকুয়া ও সহযোগীরা নোটিশ বোর্ডে টানানো নিয়োগপ্রাপ্তদের তালিকা ছিড়ে ফেলেন এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করেন। পরে অফিস সহকারী শামসুজ্জামানকে তালাবদ্ধ করে রাখা হয়।
সুত্র জানায়, ৪ দিনের জনশুমারীর জন্য গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দুই শীর্ষ নেতাকে অবহিত করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে ক্ষুদ্ধ ওই দুই নেতার সমর্থক ছাত্রলীগ নামধারীরা ভাংচুরের ঘটনা ঘটায়। অপরদিকে একাধিক হামলাকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউএনও আওয়ামীলীগ নেতৃবৃন্দকে না জানিয়ে লোকজন নিয়োগ দিয়েছেন। যা মেনে নেয়া যায়না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, স্থানীয় এক আওয়ামীলীগ নেতার দোহাই দিয়ে কতিপয় যুবক ভাংচুর শেষে এক কর্মচারীকে আটকে রেখেছিল। আমি গিয়ে তাকে উদ্ধার করি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, তিনি ঘটনার সময় উপজেলা পরিষদে ছিলেন। তবে হামলার ব্যাপারে কিছু জানেন না।
এব্যপারে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, পরিসংখ্যান অফিসে হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *