সমালোচনার মুখে নড়েচড়ে বসেছে বিসিসি

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) অবশেষে বরিশাল নগরীতে কর্মহীন অসহায়-দুঃস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে। সাধারন মানুষদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ কার্যকর হওয়ার পঞ্চমদিনে সোমবার বিসিসির কয়েকজন কাউন্সিলর খাদ্যসহায়তা বিতরণ করেন। গত ক’দিন ধরে নগরবাসীর তীব্র সমালোচনার পর অবেশেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আড়ালে থেকেই কাউন্সিলর ও কর্মীদের দিয়ে এ খাদ্য সহায়তায় বিতরন করেন।
বিসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার প্রথমদিন সকাল ১১টার দিকে নগরীর কেডিসি বস্তিতে (মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনী) কর্মহীন ১২০০ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডালের প্যাকেট দেয়া হয়।
১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা, বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখর দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, করোনা পরিস্থিতির কারনে নগরীর ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। তাদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সোমবার থেকে তারা এ কার্যক্রম শুরু করেছেন।
প্রসঙ্গত, করোনাভাইরসা নিয়ে চলমান সংকটের মধ্যে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কোন কার্যক্রম না দেখায় সর্বত্র ব্যাপক সমালোচনা উঠে। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পর তিনি কোথায় অবস্থান করছেন এ বিষয়েও সুনির্দিষ্ট কোন তথ্য নেই কারো কাছে। রোববার ডেইলি নাগরিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলে পাঠকদের মধ্যে আলোচনার ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *