করোনা সন্দেহে হতদরিদ্র কিশোরীর বাড়ি ঘেরাও

Spread the love

নাগরিক ডেস্ক : জ্বর নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের খলাপাড়া গ্রামে গতকাল বুধবার নিজেদের বাড়িতে আসেন ১৬ বছরের এক কিশোরী। পরে করোনাভাইরাস আক্রান্তের গুজব তুলে তাদের বাড়ি ঘিরে ফেলে এলাকাবাসী।

কিশোরীর চাচা জানান, ময়মনসিংহের নান্দাইলে এক বাড়িতে গৃহকর্মীর কাজ করে সে। গতকাল সেখান থেকে গায়ে হালকা জ্বর নিয়ে সে বাড়িতে আসে। এটা প্রচার হওয়ার পর গতরাত থেকে তাকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়রা বাড়ি ঘিরে রেখেছে, এমন খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ওই কিশোরীর বাড়িতে আসে। সেই মেডিকেল টিমে ছিলেন ডা. হাবিবুর রহমান, ডা. কনক প্রভা নন্দী ও টেকনিশিয়ান মাহবুব আলম নাবিম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খলিশাউর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী ও সংশ্লিষ্ট ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মনজুরুল হক বাবুল।

ওই কিশোরীর লক্ষণগুলো পর্যবেক্ষণ করে ডা. হাবিবুর রহমান জানান, তার শরীরে হালকা জ্বর রয়েছে। করোনাভাইরাসের কোনো লক্ষণ যেমন গলাব্যথা, শ্বাসকষ্ট, সর্দি-কাশি পরিলক্ষিত হয়নি। প্রাথমিক পর্যবেক্ষণে এটাকে সিজনাল জ্বর হিসেবে আখ্যা দেন তিনি।

পরে ওই কিশোরীকে ব্যবস্থাপত্র লিখে নিয়মিত ওষুধ খাওয়ার পরার্মশ দেওয়া হয়। পরবর্তীতে যদি আর কোনো লক্ষণ দেখা যায় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বলা হয়। এ ছাড়া বাড়ির লোকজনদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন করোনা ভাইরাস নিয়ে কোনো গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো যেন না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। কেউ বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *