নাগরিক রিপোর্ট: বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মাইক্রোবাস ও পণ্যবাহি ট্রাকে যাত্রী পরিবহন করা হচ্ছে। এসব পরিবহনে ঢাকাগামী যাত্রীদের নেয়া হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যেগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালক ও যাত্রীদের জরিমানা করা হলেও যাত্রী পরিবহন থামানো যাচ্ছেনা।
শুক্রবার নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় রাজধানী ঢাকামুখী যাত্রীবাহি মাইক্রোবাস ও পিকআপ ট্রাক আটকের পর যাত্রী ও চালকদের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, রূপাতলীতে ঢাকাগামী দুটি মাইক্রোবাসের একটিতে দুই পরিবারের ১৪ জন এবং অপরটিতে ১০ জন ঢাকা যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। প্রথম মাইক্রোবাসে দুই পরিবারের দুই কর্তা এবং চালক ও তার সহযোগী প্রত্যেককে করোনা নিয়ন্ত্রন প্রতিরোধ দন্ডবিধির ২৬৯ ধারায় এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় মাইক্রোবাসে দশজনকে একই আইনে প্রত্যেককে এক হাজার টাকা করে দশ হাজার টাকা এবং অপর এক পিকআপ ট্রাকের চালককে একই আইনে এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়া সিঅ্যান্ডবি রোড চৌমাথা বাজার এলাকায় দুটি পণ্যবাহী পিকাপ ভ্যানে যাত্রী পরিবহন করার দায়ে দুই চালক যথাক্রমে মো: রেজাউলকে ৪৫০০ টাকা এবং মোঃ মন্টু কে ৪ হাজার টাকা জরিমানা এবং ২১ জন যাত্রী প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে নগরীর সাগরদী এলাকায় ৩টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে শিকদার হার্ডওয়ারের কর্মচারি আমিনকে ৫ হাজার টাকা, জাহিদ ট্রেডার্সের মালিক মোঃ জাহিদুল ইসলাম কে ৩ হাজার টাকা এবং মা হার্ডওয়ারের মালিক মোঃ শাহাদাত কে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২০২০-০৪-০৩
