করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠনোর নির্দেশনা দিয়েছে সরকার। জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই তালিকা চেয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে অনুপস্থিত বিভিন্ন দফতর ও সংস্থার ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আমাদের কাছে তথ্য আসছে, কোথাও কোথাও মাঠ পর্যায়ের কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। আমরা তাদের তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানোর জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বলেছি।
তিনি বলেন, কোথাও কোনো অফিসারকে ত্রাণ বিতরণের ক্ষেত্রে ট্যাগ অফিসার করা হলো, কিন্তু তিনি অনুপস্থিত তিনি হয়তো বাড়ি চলে গেছেন, তার সার্ভিসটা আমরা পাচ্ছি না। সেজন্য কোনো কোনো স্থানে মেম্বাররা দুর্নীতি করছে, কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তারাও দুর্নীতি করছে। সচিব বলেন, ‘অনুপস্থিতি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা পেলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তবে এই তালিকা পাঠানোর জন্য কোনো সময় বেঁধে দেইনি আমরা।’
২০২০-০৪-১১
