লিবিয়ায় ২৬ জনকে হত্যায় ঢাকায় একজন গ্রেফতার

Spread the love

নাগরিক ডেস্ক : লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজয় সরকার জানান, গ্রেপ্তারকৃতের নাম কামাল হোসেন ওরফে হাজী কামাল (৫৫)। রাজধানীর শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা এই কামাল হোসেন।

র‌্যাব জানায়, পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে র‌্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারী পরিবারের সদস্যরা। বাকি চারজন আফ্রিকার নাগরিক।

অপহরণকারীদের চালানো গুলিতে আহত এক বাংলাদেশির বরাত দিয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, মারা যাওয়া ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩৮ বাংলাদেশি ও কয়েকজন সুদানি নাগরিক প্রায় ১৫ দিন ধরে ওই অপহরণকারী চক্রের হাতে আটক ছিলেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদায় তাদের আটক করে রাখা হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার সকালে বন্দীদের ওপর গুলি চালায় অপহরণকারীরা।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছিল, এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।

তেলসমৃদ্ধ অর্থনীতির দেশ লিবিয়া ব্যবহার করে অনেকে ইউরোপে বিশেষ করে ইতালিতে প্রবেশের চেষ্টা করেন। মারা যাওয়া ব্যক্তিরাও ইতালিতে যাওয়ার জন্য মানবপাচারকারী চক্রের খপ্পড়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *