নাগরকি রিপোর্ট: বরিশাল নগরীর সড়ক সংস্কারের দাবী ও রিক্সা-হকারদের উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল মঙ্গলবার সকালে নগরীর ফকির বাড়ি সড়কে বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩ দফা দাবী উপস্থাপন করেন বাসদের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী। দাবী বাস্তবায়নে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর শেষদিন ১৫ সেপ্টেম্বর সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেবে বাসদ। তার আগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সমাবেশ করা হবে।
তাদের দেয়া ৩ দফা দাবীগুলো হচ্ছে- নগরীর সড়ক, ড্রেন ও খাল সংস্কার, রিক্সা-ইজিবাইক ও হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ এবং করোনা মহামারি পরিস্থিতিতে বকেয়া ফি মওকুফ করে রিক্সা শ্রমিককের লাইসেন্স নবায়নের সুযোগ প্রদান।
ডা. মণীষা চক্রবর্তী বলেন, সংস্কারের অভাবে নগরীর ৫৮ কিলোমিটার সড়কের মধ্যে ৯০ ভাগই যানবহন চলাচলের অনুপযোগী। গত কয়েকবছর যাবত রিক্সার লাইসেন্স নবায়ন বন্ধ রাখার এখন বকেয়াসহ লাইসেন্স নবায়নের জন্য রিক্সাচালকদের ওপর চাপ প্রয়োগ করছে সিটি করপোরেশন। নবায়ন না করলে রিক্সা উচ্ছেদের হুমকি দেয়া হচ্ছে। করোনাকালীন সময়ে বকেয়া পরিশোধ করে লাইসেন্স নবায়ন রিক্সা চালকদের ওপর ‘মড়ার ওপর খড়ার ঘা’ বলে আখ্যায়িত করেন বাসদ নেতৃবৃন্দ।
