নাগরিক রিপোর্ট: বরিশালে দুজন মসলা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মসলার প্যাকেটে মূল্য এবং মেয়াদের তারিখ লেখা না থাকায় বৃহস্পতিবার ব্যবসায়ীদের এ অর্থদন্ড দেয়া হয়।
ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে নগরীর বাজার রোডের আনন্দ মসলা হাউজ ও সদর রোড ন্যাশনাল মসলা হাউজ। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজষ্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস।
তিনি জানান, স্থানীয়ভাবে কিংবা বিভিন্ন কোম্পানীর তৈরী মসলার প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ, ওজন এবং খুচরা মূল্য উল্লেখ থাকতে হবে। আবার কোন কোম্পানীর বড় প্যাকেট ভেঙ্গে খুচরা মসলা বিক্রি করলেও প্যাকেটের গায়ে অবশ্যই এসব তথ্য উল্লেখ থাকতে হবে।
কিন্তু বাজারে প্রচলিত অনেক মসলার প্যাকেটে উল্লেখিত তথ্য নেই। খোলা বাজারে বিক্রি হওয়া মসলার প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ, ওজন এবং খুচরা মূল্য উল্লেখ না থাকায় ওজন, পরিমাপ ও মানদন্ড আইনে নগরীর দুটি মসলা ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
