নিশ্চিত জয় বাইডেনের

Spread the love

নাগরিক ডেস্ক: মার্কিন নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে গেছেন জো বাইডেন। সবশেষ হিসেব অনুযায়ী ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন বাইডেন।

সিএনএন জানিয়েছে, জর্জিয়ায় বাইডেন এখন ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোটে এগিয়ে আছেন। গণনার শুরু থেকেই এ রাজ্যে এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার দিনের শুরুতে ট্রাম্প ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন। এ রাজ্যে ভোট পড়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ১৯১টি। তার মধ্যে ৯৯ শতাংশ ভোট ইতোমধ্যে গণনা করা হয়েছে। শতাংশের হিসাবে দুজনেই এখন পর্যন্ত পেয়েছেছন ৪৯ দশমিক ৪ শতাংশ করে ভোট।

যুক্তরাষ্ট্রের সব রাজ্য মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৫৩টি পেয়েছেন বাইডেন। চূড়ান্ত জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট থেকে মাত্র ১৭ ভোট দূরত্বে আছেন তিনি। জর্জিয়ায় ইলেকটোরাল ভোট আছে ১৬টি। ফলে এ রাজ্যে জয় পেলে বাইডেন পৌঁছে যাবেন বিজয়ের দ্বারপ্রান্তে।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জিতেছেন ২১৪ ইলেকটোরাল ভোট; চূড়ান্ত জয় পেতে হলে তার চাই আরো ৫৬ ভোট।

জর্জিয়ার পাশাপাশি নেভাডা, পেনসিলভেইনিয়া ও অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এসব রাজ্যের ফলাফলই নির্ধারণ করে দেবে দুই প্রার্থীর ভাগ্য।

তবে শুক্রবার মার্কিন গণমাধ্যম বলছে, ভোট গণনা এখনো বাকি আছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে পাঁচ শতাংশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভোটের পর থেকেই ট্রাম্প দাবি করছেন, নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে। যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *