নাগরিক রিপোর্ট: জমকালো আয়োজনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফরচুন বরিশালের দল পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন হয়েছে। শনিবার রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে দলের সার্বিক পরিচিত তুলে ধরেন দলের চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহ আলম তালুকদার, পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ, পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।
ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খানও ছিলেন অনুষ্ঠানে। লোগো ও জার্সি উন্মোচন এবং দল পরিচিতি শেষে সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
ফরচুন বরিশাল দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল আলম অংকন, সুমন খান, আবু সায়েম ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি২০ কাপে অংশগ্রহণের লক্ষ্যে ‘ফরচুন বরিশাল’ দলের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন,‘বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে দীর্ঘ চার বছর পর আবার ক্রিকেটে ফিরল বরিশাল। আমার বিশ্বাস অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে ফরচুন বরিশাল। জাতির পিতা বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিবির এই টুর্নামেন্ট সফল হোক সে কামানায়।’
ফরচুন বরিশাল দল:
তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। দলটির প্রধান কোচ: সোহেল ইসলাম, সহকারী কোচ: গোলাম মুর্তজা, ম্যানেজার: হাসিবুর হাসান শান্ত, ট্রেনার: ইফতেখারুল ইসলাম ইফতি এবং ফিজিও: জয়।

