নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলার বরিশাল-স্বরুপকাঠী সড়কের গুঠিয়ায় অবৈধ বালুবাহী ট্রলির চাপায় পারুল বেগম (৭০) এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার চিকিৎসকের কাছে যাওয়াকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে ট্রলি চাপায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এসময় পথচারী আরও ৪জন আহত হয়েছে।
উজিরপুর থানার উপ পরিদর্শক রুহুল আমিন জানান, বেলা ১২টার দিকে গুঠিয়ার সাইনবোর্ড বাসস্ট্যান্ডে দাড়িয়েছিলেন ওই বৃদ্ধা। নিহত পারুল ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। আকস্মিক বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির অবৈধ ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে বৃদ্ধা পারুলসহ ট্রলী চালক, হেলপার এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় পানির শিকদার আহসান গুরুতর আহত হন।
ঘটনার পরপরই উজিরপুর থানার উপ পরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শবর্তী উপজেলা বানাড়িপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেছেন বলে জানান উপ পরিদর্শক রুহুল।
