নাগরিক রিপোর্ট: টানা ৪ বছর পর ক্রিকেটে ফিরছে বরিশাল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে দল গঠনের মাধ্যমে বরিশালের এই ফেরা। অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ‘ফরচুন বরিশাল’ ফাইট দিতে চায় টি২০ কাপে। বরিশালের ক্রিকেট প্রেমীরাও দীর্ঘদিন পর তাই উজ্জীবিত। আয়োজকরা আশা করছেন, বরিশালবাসীর প্রত্যাশা পূরনে ফাইনালে যাবে ‘ফরচুন বরিশাল’।
শনিবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ‘ফরচুন বরিশাল’ দল পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন হয়েছে রাজধানীর একটি অভিজাত হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি।
এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফরচুন বরিশাল অংশ নেয়ায় বরিশালে আলোচনার ঝড় বইছে। ক্ষুদে ক্রিকেটপ্রেমী বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবির হাসান প্রাপন বলেন, করোনায় ঘরে বসে থেকে ক্লান্ত। এ অবস্থায় অনেকদিন পর বঙ্গবন্ধু টি২০ কাপ এর এই খেলায় ফরচুন বরিশাল উদ্দীপনা বাড়াবে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হবে বলে সে আশাবাদী।
মনিরুজ্জামান নামে নগরীর বেপটিষ্টমিশন রোডের বাসিন্দা বলেন, ‘আমরা যে টি২০ কাপে টিম গঠন করতে পেড়েছি এটাই বড় কথা। কেননা দীর্ঘদিন বরিশালে ক্রিকেটের কোন আমেজ নেই। যেমন নেই ঘরোয়া খেলা, তেমন নেই জাতীয় খেলা।
নাদী হক নামে বরিশাল জিলা স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র জানায়, ফরচুন বরিশালের খেলা দেখতে সে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। সালমা খানম নামে বরিশালের এক চাকুরেজীবী বলেন, ‘আমরা ফাইট দেব। কেননা আমাদের হয়ে লড়াই করবে তামিম, তাসকিন, মেহেদী, আফিফরা। বরিশালের ক্রিকেট ভক্তরা অনেক আত্নবিশ্বাসী।
কেমন হল ফরচুন বরিশাল এ প্রসঙ্গে বরিশাল বিভাগ ক্রিকেট টিমের ম্যানেজার মঈনউজ্জামান মঈন বলেন, ফরচুন বরিশাল টিম ভাল হয়েছে। কামরুল ইসলাম রাব্বি, তানভির এর মত বরিশালের সম্ভাবনাময় খেলোয়ার দলে আছেন। রাইজিং অলরাউন্ডার আফিফ, মেহেদী মিরাজ রয়েছেন। টিমের বলিং লাইন বেশ শক্তিশালী। তার ধারনা টি২০ ম্যাচে যেদিন যার ভাল যায় তার উপরই নির্ভর করে জয়।
বাংলাদেশ ক্রিকেট আম্পেয়ারস এন্ড স্কোরার অ্যাসোসিয়েন এর বরিশাল জেলা সভাপতি মাহবুব মোর্শেদ শামিম বলেন, ফরচুন বরিশালে জাতীয় দলের কয়েকজন খেলোয়ার রয়েছে। জুনিয়র সিনিয়র এর সমন্বয়ে টিম হয়েছে ফরচুন বরিশাল। খেলোয়ার যাই হোক না কেন পারফরমেন্স দরকার মাঠে। তিনি বলেন, বরিশালে একটি টিম থাকুক এটাই প্রত্যাশা। তবে বরিশালের ক্রিড়া ব্যাক্তিত্বদের সাথে সমন্বয় থাকার দরকার ছিল ফরচুন বরিশালের।

দল নিয়ে কি ম্যাসেজ দিবেন বরিশালবাসীকে- জানতে চাইলে রোববার দুপুরে ‘ফরচুন বরিশাল’ এর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে দীর্ঘ চার বছর পর আবার ক্রিকেটে ফিরল বরিশাল। তার বিশ্বাস অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে ‘ফরচুন বরিশাল’। বরিশালবাসীর প্রত্যাশা পূরনে ফাইনালে যাবে ‘ফরচুন বরিশাল’ এমনটাই মনে করেন তিনি।
দীর্ঘদনি পর বরিশাল ক্রিকেটে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান আলো বলেন, বরিশালকে ক্রিকেটের স্বরুপে ফেরাতেই টিমটি করার জন্য তিনি অনেক চ্যালেঞ্জ নিয়েছেন। ফরচুন বরিশাল টিম অত্যন্ত সম্ভাবনাময় দল। এখানে রাইজিং প্লেয়ার নেয়া হয়েছে। তবে খেলোয়ারদের মাঠে খেলতে না পাড়লে হবে না। এই দলে বরিশালের ছেলেও রয়েছে বলে জানান তিনি।
ফরচুন বরিশাল দল:
তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। দলটির প্রধান কোচ: সোহেল ইসলাম, ম্যানেজার: হাসিবুর হাসান শান্ত।

