নাগরিক রিপোর্ট: বরিশালে উজিরপুরে দুইদিন আগে নিঁখোজ এক গৃহবধুর বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহত নারীর নাম ঝর্না রানী মল্লিক (৪৮)। বুধবার বেলা ১২টার দিকে পশ্চিম মশাং গ্রামে একটি জাম গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান। ঝর্না মল্লিক পশ্চিম মশাং গ্রামের মৃত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী তিনি দুই সন্তানের জননী।
স্বজনের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, গত সোমবার রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিঁখোজ হন ঝর্না মল্লিক। মঙ্গলবার সারাদিনেও তার খোঁজ মেলেনি। বুধবার দুপুরে বাড়ির পুকুর পাড়ে একটি জামগাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।
জিয়াউল আহসান আরও জানান, নিহত ঝর্না রানী মল্লিকের শরীরে আঘাতের চিহৃ নেই। মৃতদেহ দেখে মনে হচ্ছে ১২/১৩ ঘন্টা আগে তার মৃত্যু ঘটেছে। স্বজনরা অভিযোগ করেছেন একই বাড়ির শিবু মল্লিকের পরিবারের সঙ্গে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে তাকে হত্যা করে ঘটনা ভিন্নখাতে নিতে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
