নাগরিক রিপোর্ট: যশোর শিশু-কিশোর উন্নয়ন থেকে পালানো হত্যা মামলার আসামী মাইনুর রহমান সাকিব মুন্সী বুধবার বরিশাল শিশু আদালতে আত্মসর্পন করেছে। আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তাকে ফের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সাকিব মুন্সী বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মুন্সী বাড়ির মৃত মোস্তফা মুন্সীর ছেলে। নগরীর পুরানাপাড়া এলাকায় কামাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে সাকিব মুন্সীর পরিবার। নগরীর কাউনিয়া থানায় দায়ের হওয়া হেলাল হোসেন মৃধা নামক এক ব্যক্তি হত্যা মামলার আসামী স্কুলছাত্র সাকিব।
শিশু আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর পুরানপাড়া মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসা এলাকায় মার্বেল খেলা নিয়ে বিরোধের জের ধরে হেলাল হোসেন মৃধা কল্পনা নামক এক ব্যক্তির ঘাড়ে একটি ঘুষি দেয় সাকিব। এতে ওই ব্যক্তি অচেতন হয়ে মারা যান।
ওইদিনই কাউনিয়া থানায় মাইনুর রহমান সাকিবকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নুপুর বেগম। ঘটনার পর পরই পুলিশ সাকিবকে গ্রেফতার করেছে। পরে তাকে শিশু আদালতের নির্দেশে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো প্রেরন করা হয়েছিল।
প্রসঙ্গত, রোববার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙ্গে সাকিবসহ ৮ বন্দী শিশু পালিয়ে যায়।
