পৌর নির্বাচন : বরগুনা-পাথরঘাটায় বিএনপির একক প্রার্থী : আ’লীগের ১১

Spread the love

পুলক চ্যাটাজি, অতিথি রিপোর্টার : বিষখালী-বলেশ্বর তীরের শহর বরগুনা ও পাথরঘাটা। বরিশাল বিভাগের সর্বদক্ষিণের এই দুই পৌরসভায় এখন জোরেশোরে বইছে পৌর নির্বাচনের হাওয়া। সম্ভাব্য মেয়র প্রার্থীরা তাদের প্রার্থীতা জানান দিতে মাঠে নেমে পড়েছেন। বাড়ি বাড়ি গিয়ে তারা কুশল বিনিময় করছেন। অংশ নিচ্ছেন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে।
বরগুনা ও পাথরঘাটা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী। গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন এ দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেয়ার শেষদিন ৩১ ডিসেম্বর। ৩ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই। প্রত্যাহারের শেষদিন ১০ জানুয়ারী। ১১ জানুয়ারী দেয়া হবে প্রতীক।
আসন্ন ৩০ জানুয়ারীর নির্বাবনে পাথরঘাটা ও বরগুনায় আওয়ামীলীগ একক প্রার্থী চুড়ান্ত করতে না পারলেও বিএনপি চুড়ান্ত করেছে। বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা সমকালকে বলেছেন, তারা পাথরঘাটায় পৌর বিএনপির সাবেক সভাপতি শাহবুদ্দিন সাকুকে এবং বরগুনায় জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হালিমকে একক প্রার্থী করেছেন। অপরদিকে পাথরঘাটায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন এবং বরগুনায় ৫জন। পাথরঘাটায় ২জন বর্তমান কাউন্সিলর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও ওই দুই পৌর নির্বাচনের রিটানিং অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, তফসিল হলেও প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোন প্রতীকের পক্ষে ভোট চাওয়া যাবেনা। তবে গণসংযোগ, কুশল বিনিময় এবং দোয়া চাইতে বাঁধা নেই।
১৪ হাজার ২১৯ জন ভোটারের শহর পাথরঘাটা ‘খ’ শ্রেণীর পৌরসভা। দেশের অন্যতম প্রধান মৎস্য বন্দর হিসাবে পাথরঘাটার অর্থনৈতিক গুরুত্ব অনেক। এ পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন (দাদু), বর্তমান মেয়র ও একই কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক সহ সভাপতি বেলায়েত হোসেন, সদস্য অ্যাডভোকেট শাহ আলম মল্লিক ও উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ।
১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহবুুবর রহমান খান ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেলও স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
প্রথম শ্রেণীর পৌরসভা বরগুনায় মোট ভোটার ২৫ হাজার ৫০৩জন। জেলা আওয়ামীলীগ সুত্র জানায়, বরগুনা পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল আহসান মহারাজ, সহ সভাপতি হুমায়ন কবীর, সাংগঠনিক রইসুল আলম, বর্তমান মেয়র ও জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেন এবং সদস্য ও সাবেক মেয়র মো. শাহজাহান মিয়া।
পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন (দাদু) বলেন, দলীয় মনোনয়ন পেলে নৌকার প্রার্থী হবো। না পেলে দলের সিদ্ধান্তের বাইরে যাবোনা। সাধারন সম্পাদক ও মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, গত নির্বাচনেও মনোনয়নবঞ্চিত হয়েছি। আশাকরি এবার দল আমাকে মনোনয়ন দেবে। অ্যাডভোকেট জাবির বলেন, পাথরঘাটা পৌর শহর উন্নয়নবঞ্চিত। মানুষ বলছে দূর্ণীতির কারনে উন্নয়ন হয়নি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়ন করে পাথরঘাটাকে মডেল পৌর শহরে পরিনত করবো। সন্ত্রাস ও মাদকমুক্ত করবো পৌর শহর।
বর্তমান দুই কাউন্সিলর মাহবুবুর রহমান খান ও মোস্তাফিজুর রহমান সোহেল স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার কথা স্বীকার করে সমকালকে জানান, তারা বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাচ্ছেন। কুশল বিনিময় করছেন। প্রতীক পেলেই জোরেশোরে মাঠে নামবেন।
বিএনপির মেয়র প্রার্থী শাহাবুদ্দিন সাকু বলেন, ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। দুইবার মেয়র প্রার্থী ছিলাম। এবার নির্বাচিত হতে পারলে যথাসাধ্য উন্নয়ন করবো।
বরগুনা পৌরসভায় গত নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন দলের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল আহসান মহারাজ। বিদ্রোহ করে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শাহাদাত হোসেন ও শাহজাহান মিয়া। এবারের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কামরুল আহসান মহারাজ বলেন, আশাকরি কোন বিদ্রোহীকে দল এবার মনোনয়ন দেবেনা। এবারও আমি মনোনয়ন পাবো। রাইসুল আলম ও শাহাদাত হোসেনও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। রাইসুল আলম বলেন, মনোনয়ন না পেলে নির্বাচনে প্রতিদ্ব্িদ্বতা করবো না। শাহাজাহান মিয়াও মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী মো. হালিম প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় শুরু করেছেন। গণসংযোগও করছেন তিনি। মো. হালিম বলেন, আশাকরি প্রশাসন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেবেন। সুষ্ঠু নির্বাচন হলে হালিম জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *