নাগরিক রিপোর্ট:
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিধিমালা তৈরি ও বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডে কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য ঠিক রাখতে নিরাপদ খাবারের নিশ্চয়তা দরকার। নগরীর হোটেল-রেস্টুরেন্টের অধিকাংশ খাবার ও প্যাকেটজাত তেলে ভাজা খাবারে ট্রান্স ফ্যাট বিদ্যমান। যা আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিধিমালা তৈরি ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সকলকে এই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। নয়তো হৃদরোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।
ক্যাব’র জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠুর সভাপতিত্বে বক্তব্য দেন সচেতন নাগরীক কমিটির জেলা সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, জাসদ জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, রান’র নিবাহী পরিচালক রফিকুল আলম, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, বরিশাল ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, কাজী মিজানুর রহমান ফিরোজ প্রমুখ।
