নাগরিক রিপোর্ট:
স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে একজন কয়েদী মুক্তির সিদ্ধান্ত নিয়েছে স্বরাস্ট্রমন্ত্রনালয়। বুধবার আব্দুর রহমান নামে ওই কয়েদীকে অবমুক্ত করাসহ শুভেচ্ছা ও কারাগারের বন্দীদের মাঝে মাস্ক বিতরন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সেখানকার খাবারের মান, নিরাপত্তা ও কয়েদীদের নানা সমস্যার খোজ খবর নেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আব্দুর রহমান মাঝি নামের এক সশ্রম কারাদন্ডে দন্ডিত ব্যক্তিকে মুক্তি দেয়া হয়। রহমান একটি চুরি মামলায় এক বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত ছিলেন। তার সাজা ভোগ শেষ হওয়ার আগেই জেলখানায় আচার-আচরণ বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বুধবার তাকে অবমুক্ত করেন।
এসময় জেলা প্রশাসক রহমানকে ফুল এবং নতুন পোশাক দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রিকশা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
পরে জেলা প্রশাসক কারাবন্দিদের মাঝে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি মাধ্যমে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
