নাগরিক রিপোর্ট:
বরিশালে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী নেয়ার প্রতিবাদ করায় একই পরিবারের চারজনকে বেধড়ক মারধর করেছেন বাস শ্রমিকেরা। এসময় মারধরের শিকার ওই পরিবারের সঙ্গে থাকা ৭ বছরের এক শিশুকে বাসের জানালা থেকে বাইরে ছুড়ে ফেলে দেয়া হয়। নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে শুক্রবার এ ঘটনা ঘটে। ঝালকাঠি বাস মালিক সমিতির মাহিম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪৪৯৯৮) সুপারভাইজার মুন্নার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নগরীর রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন সাংবাদিকদের জানান, যাত্রীর সঙ্গে তর্কাতর্কি বাসস্ট্যান্ডে হলেও তাদের ওই বাসের শ্রমিকরা মারধর করেছে স্ট্যান্ডের বাইরের সড়কে। বিষয়টি কেবল ঝালকাঠি বাস মালিক সমিতির নেতাদের জানাতে পারবেন।
মারধরের শিকার ৪জন হচ্ছে- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের মৃত নূর মোহাম্মদ সিকদারের ছেলে শামীম সিকদার (২৭), তার মা হাসনুর বেগম (৫৫), ভাগ্নে বউ কারিমা ও কারিমার ৭ বছরের কন্যা মুনিয়া। তারা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরায় বসবাস করেন।
ঘটনার শিকার শামীম সিকদার জানান, শুক্রবার পরিবার নিয়ে মঠবাড়িয়া যাচ্ছিলেন। যে বাওেস উঠেছেন সেটির সুপারভাইজার স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিচ্ছিলনা। এর প্রতিবাদ করলে বাসের সুপারভাইজার, হেলপারসহ বাসস্ট্যান্ডের ১৫ থেকে ২০ জন শ্রমিক মিলে বাসের সিটেই তাকে মারধর করে। শ্রমিকেরা তার মা, ভাগ্নে বউ কারিমাকে এবং সাত বছরের মেয়ে মুনিয়াকে জানালা দিয়ে ফেলে দিয়েছে।
