নাগরিক রিপোর্ট:
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগে আগামী ৩০ জুন থেকে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এক জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় বরিশাল থেকে দুরপাল্লার রুটের যোগাযোগ শুক্রবার থেকেই বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই মিটিং এ বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে কার্যকর লকডাউনের কোনো বিকল্প নেই। এবার যাতে লকডাউন ফলপ্রসু হয়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনের সঙ্গে জনগণকেও সম্পৃক্ত করতে হবে।
জুম মিটিং এ সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, লকডাউন সর্বাত্মক ও কার্যকর করার করপোরেশনের লোকবল কাজে লাগানো হবে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার করোনায় আক্রান্তের হার ছিল ৩৩ শতাংশ। শুক্রবার তা বেড়ে দাড়িয়েছে ৪৫ শতাংশে।
জুম মিটিং এ অন্যান্যের মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অংশগ্রহন করেন।
জুম মিটিং এ খুলনা ও সংলগ্ন জেলা থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করা হয়। মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ২৯ জুন পর্যন্ত লকডাউন নিয়ে প্রচার-প্রচারণা চালানো হবে। এছাড়া বরিশালের সাথে দুরপাল্লার রুটের সবধরনের যোগাযোগ শুক্রবার থেকেই বিচ্ছিন্ন করা হয়েছে।
