নাগরকি রিপোর্ট:
বরিশালে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শেষ পর্যায়ে। ইতিমধ্যে ৯৫ ভাগ শিক্ষার্থী টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৯ জুন থেকে এই কার্যক্রম শুরু হয় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে। আর এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে চীনের সিনোফার্মের টিকা।
সেবাদানকারী প্রতিষ্ঠান সন্ধানীর স্বেচ্ছাসেবকদের সাহায্যে প্রতিদিন গড়ে ৪০ শিক্ষার্থীকে টিকা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রম শেষ হবার কথা রয়েছে এ সপ্তাহের মধ্যেই।
হাসপাতাল সূত্র জানায়, বরিশালে ১ হাজার ১৫০ জন শিক্ষার্থীর নামের তালিকা তারা হাতে পেয়েছে। গত ১৫ দিনে টিকা প্রদান করা হয়েছে ৯শ শিক্ষার্থীকে। বাকীদেরও কার্যক্রমের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার টিকা গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এই সময় বাড়ানো হতে পারে।
এ বিষয়ে শেবামেকের উচ্চমান সহকারী রেজাউল করিম রনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কেন্দ্রে আগাম টিকার জন্য তালিকা পাঠিয়েছেন। তালিকা অনুযায়ী নির্দিষ্ট ফরম পূরণ করে সুশৃঙ্খলভাবে টিকা দেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা বরিশাল বিভাগের আওতায় রয়েছেন তারাও এখান থেকে টিকা গ্রহণ করছেন।
নির্দিষ্ট সময়ের মধ্যেই তালিকার আওতায় থাকা সব শিক্ষার্থীর টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হবে বলে তার ধারনা।
