নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগের ৬ জেলায় রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় আরও ৩৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৭ দশমিক ১২। এসময়ের মধ্যে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী করোনা পজেটিভ শনাক্ত এক রোগীর মৃত্যু ঘটেছে।
তবে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান খান স্বপন জানিয়েছেন, শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু ঘটেছে। তার মধ্যে দুইজন পজেটিভ শনাক্ত রোগী। তিনি আরও জানান, হাসপাতালের ২০০ শয্যার করোনা ওয়ার্ডে রোববার ২১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তারমধ্যে ৪৫ জন পজেটিভ শনাক্ত। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে করোনা ওয়ার্ডে আরও ৫০টি শয্যা স্থাপনের কাজ চলছে।
বিভাগীয় স^াস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৭২৮ জনের নমুনা পরীক্ষা করলে ৩৪৩ জন পজেটিভ শনাক্ত হন।
বিভাগের মধ্যে রোববার সবচেয়ে বেশী শনাক্তের হার বরগুনা জেলাতে। এখানে পরীক্ষার বিপরীতে অর্ধেকেরও বেশী রোগী পজেটিভ শনাক্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় জেলায় ৪১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২২ জন পজেটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫৩ দশমিক ৬৬।
এবার প্রাদূর্ভাব বৃদ্ধির শুরু থেকে ঝালকাঠীতে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও শনিবার থেকে তা বৃদ্ধি পেতে থাকে। শনিবার এ জেলাতে শনাক্তের হার ছিল শনাক্তের হার ৫৭ দশমিক ৬১। রোববার তা কিছুটা কমে হয়েছে ৪৭ দশমিক ৮০। ২৪ ঘন্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জন পজেটিভ শনাক্ত হয়েছে এ জেলাতে।
শনাক্তের হার বেড়েছে ভোলা জেলাতেও। রোববার এ জেলাড পরীক্ষার বিপরীতে ৪২ দশমিক ৮৬ ভাগ রোগী করোনা পজেটিভ শনাক্ত হন। ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন শনাক্ত হন এ জেলাতে। শনিবার ভোলাতে ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জন পজেটিভ শনাক্ত হয়ে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৭৬।
বরিশাল জেলাতে শনাক্তের হার উর্ধ্বমুখীই রয়েছে। গত ২৪ ঘন্টায় ২৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ শনাক্ত হয়েছে ১২১ জন। শনাক্তের হার ৪৬ দশমিক ৩৬।
পিরোজপুরে ২৪ ঘন্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন এবং পটুয়াখালীতে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন পজেটিভ শনাক্ত হয়েছে। এ দুই জেলাতে শনাক্তের যথাক্রমে ৪৮ দশমিক ৫২ ও ৪২ দশমিক ৮৬।
শেবাচিম হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান খান স্বপন জানিয়েছেন শনিবার এ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১১১ জন পজেটিভ শনাক্ত হন। এতে শনাক্তের হার ৫৯ দশমিক ০৪।
