নাগরিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী টিকা গ্রহনে নিবন্ধনে বয়স কমিয়ে ৩৫ বছর করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন ৪০ বছর ছিল। আজ সোমবার বেলা ১১টায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দু’এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমরা গতকাল রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বেশি কথা বলেছি। তারা বলেছেন, “রোগীর অধিকাংশের বেশি গ্রামের। রোগীরা হাসপাতালে আসছেন রোগে আক্রান্ত হওয়ার বেশ পরে, যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ছে”।’
খুরশীদ আলম আরও বলেন, ‘নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। আজ আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।’
