নাগরিক রিপোর্ট:
বরিশালে নারী যাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় অভিযুক্ত মাহিন্দ্রা চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার লাকুটিয়া সড়কের ঝড়ঝড়িয়া তলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাহিন্দ্র চালক আলামিন(২২) কাশীপুরের বিহঙ্গল নামক এলাকার আব্দুল কালাম ও তাসলিমা বেগমের ছেলে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শুক্রবার মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে বরিশালে চিকিৎসাধীন শাশুড়ির জন্য জরুরি প্রয়োজনে টাকা নিয়ে বাবুগঞ্জ কলেজগেট থেকে বরিশালের উদ্দেশে যাত্রীবিহীন মাহিন্দ্রায় রিজার্ভ ওঠেন ওই নারী যাত্রী। পথিমধ্যে বাঁশতলা নামক স্থানে চালক আলামিন গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে নেমে যায়। পরে বৃষ্টির অজুহাতে গাড়ির দুই পাশের পর্দা আটকানোর কথা বলে গাড়ির ভেতরে প্রবেশ করে এবং গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভুক্তভোগী নারী সাহায্যের জন্য চিৎকার দিলে আলামিন তার মুখে কাপড় গুঁজে দেয়।
একপর্যায়ে গৃহবধু ধাক্কা দিয়ে আলামিনকে ফেলে দিয়ে রাস্তায় নেমে চিৎকার শুরু করেন। এসময় চালক আলামিন মাহিন্দ্র নিয়ে দ্রæতবেগে পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধু থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত এএসআই কামাল উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্যরা বৃহস্পতিবার বিকেলে ঝড়ঝড়িয়া তলা বাজার থেকে আলামিনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলামিন ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
