নাগরিক রিপোর্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রোববার দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩০ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮৪২ জন আর আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬২৭টি সক্রিয় ল্যাবে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ১২ হাজার ১৯৮টি। নমুনা পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩১ দশমিক ২৪ শতাংশ।
এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এক দিনে মারা গেছেন ৬১ জন। আর খুলনা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহীতে ২৭ জন, বরিশালে পাঁচজন, সিলেটে পাঁচজন, রংপুরে ১৫ জন এবং ময়মনসিংহে সাতজন মারা গেছেন।
মৃত ব্যক্তিদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৫, বেসরকারি হাসপাতালে ৩৪ জন। বাসায় মারা গেছেন ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩২ জন, আর নারী ৭১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২০৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১১৮ জন, ৫১–৬০ বছর বয়সী ৩৯ জন, ৪১–৫০ বছর বয়সী ২৮ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১২ জন, ২১–৩০ বছর বয়সী ৬ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৭ হাজার ৬৪৬ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।
