আটকে পরা ববি শিক্ষার্থীরা যাচ্ছে বাড়ি

Spread the love

নাগরিক রিপোর্ট:
লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এর আগে সোমবার রাতে এ বিষয়ে একটি জরুরী অনলাইন সভা করে ববি প্রশাসন। আগামী ১৫ জুলাই শিক্ষার্থীদের বিনা সার্ভিস চার্জে বাস সুবিধা দেয়া হচ্ছে।


মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরিবহণ পুলের ম্যানেজার মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশটি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।


নোটিশের সত্যতা নিশ্চিত করে প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, লকডাউনে অনেক শিক্ষার্থী বরিশালে আটকা পরেছে। তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ববি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।


তিনি বলেন, অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে বরিশালে অবস্থানরত যেকোনো বিভাগের শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করতে পারবে। আগামী ১৫ জুলাই থেকে নির্দিষ্ট পাঁচটি রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো শিক্ষার্থী পরিবহন করবে। এজন্য ১৪ জুলাই রাত ১০ টা পর্যন্ত ফরম পূরণের সময় বেঁধে দেয়া হয়েছে।


আর বাস সার্ভিস প্রদানের সিদ্ধান্তে খুশি হলেও সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। এ ব্যাপারে আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, চলমান লকডাউনের শুরু থেকে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের এমন বাস সার্ভিস দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে। আমরা এ ব্যাপারে বারবার প্রশাসনকে জানিয়েছি। দেরিতে হলেও প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।


প্রসঙ্গত, আগামী ১৫ জুলাই পাঁচটি রুটে মোট ১৪টি জেলায় শিক্ষার্থীদের বিনা সার্ভিস চার্জে বাস সুবিধা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *