করোনায় মারা গেলেন বিচারক সানিয়া আক্তার 

Spread the love

নাগরিক রিপোর্ট : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ঝালকাঠীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সানিয়া আক্তার (২৯)। তিনি ৭ মাসের অন্ত:স্বত্ত্বা ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরন করেন তিনি।

গত ১৬ জুলাই থেকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সানিয়া আক্তার। তার স্বামী ঝালকাঠীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএইচ এম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত।

শেবাচিম হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, বিচারকর সানিয়া আক্তার ও তার স্বামী কেএইচএম ইমরানুর রহমান গত ১২ জুলাই ঝালকাঠী সদর হাসপাতালে র‌্যাপিড টেষ্টে উভয়ে করোনা পজিটিভ শনাক্ত হন। তারা ঝালকাঠীর নিজ বাসায় হোম কোয়ারিন্টাইনে ছিলেন। সানিয়া আক্তারের শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি।

জে খান স্বপন জানান, বিচারক কেএইচএম ইমরানুর রহমান পজিটিভ শনাক্ত হলেও তার শারিরীক অবস্থা ভাল। তিনি হাসপাতালে থেকে স্ত্রীর সেবা করেছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সানিয়া আক্তারের অক্সিজেনের মাত্রা কমতে থাকে। হাই ফ্লো ন্যাজল ক্যানোলা মেশিনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ কওে তাকে বাঁচানোর চেষ্টা চালান চিকিৎসকরা।

ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতের নাজির আবুল কালাম আজাদ জানান, বিচারক সানিয়া আক্তারের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তিনি ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১০ম ব্যাচে বিচারক হিসাবে যোগদান করেন। তার স্বামী কেএইচএম ইমরানুর রহমানও একই ব্যাচের বিচারক। তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঝালকাঠীর আদালতে কক্ষ সংকট থাকায় এই বিচারক দম্পত্তি একই এজলাসে পর্যায়ক্রমে আদালত পরিচালনা করতেন।

বিচারক সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-২ আসনের এমপি আওযামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, ঝালকাঠীর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধরণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মনু)। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *