অপহারনের শিকার কিশোরী উদ্ধার, প্রেমিক আটক

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে অপহরণ হওয়ার এক মাসেরও বেশি সময়ের পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে গাজীপুর জেলার কেওয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক মিজানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহাজাহান হোসেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ জুন বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় নজরুল ইসলাম হাওলাদার নামে জনৈকি ব্যক্তি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন সম্প্রতি ময়না বেগম ও লিপি বেগমসহ অজ্ঞাত ২-৩ জন তার মেয়ে লামিয়া আক্তার (১৬) কে অপহরণ করে নিয়ে যায়।


বরিশাল জেলা পুলিশের তদন্তকাজ চলাকালে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন ভরুয়া নামক স্থানে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের খবর পায় পুলিশ। এরপর লামিয়ার অভিভাবকদের নিয়ে টাঙ্গাইল গিয়ে পৌঁছান বরিশাল জেলা পুলিশের একটি দল। লাশ দেখে অপহৃতার স্বজনরা জানান লাশটি লামিয়ার নয়।


এরপর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ গোয়েন্দা জোনের সহযোগিতায় বরিশাল জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার গভীররাতে গাজীপুর জেলায় অভিযান চালায়। এসময় জেলা শ্রীপুর থানার কেওয়া গ্রাম থেকে প্রেমিক মো. মিজানের বাড়ি থেকে অপহৃত লামিয়াকে উদ্ধার করে বরিশাল জেলা পুলিশের সদস্যরা।

এঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক মিজানকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহাজাহান হোসেন বলেন, অপহরনের সাথে সাথে জড়িতদের সম্পর্ক খোজা হচ্ছে। আটককৃতকে রিমান্ডে নেয়ার আবেদনও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *