স্বর্ণ ছিনতাই মামলায় ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

Spread the love

নাগরিক ডেস্ক : ফেনীতে এক ব্যবসায়ীর স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিসহ পুলিশের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে তাদের থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

তিনি জানান, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, গোপালকান্তি দাশ নামে এক স্বর্ণ ব্যবসায়ী ২০টি স্বর্ণের বার নিয়ে গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে গোয়েন্দা পুলিশের একটি দল তার গাড়ি থামায়। তারা গোপালকান্তির কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়। এ ঘটনায় গোপালকান্তি পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি চার পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করেন।

তিনি জানান, গ্রেপ্তার ছয়জন গোপালকান্তির কাছ ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি বার উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার রাতে গোপালকান্তি ছয়জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ফেনী থানায় মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের আদালতে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *