নাগরিক রিপোর্ট:
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, করোনাকালীন দুর্যোগে বেশি করে মাছ খেতে হবে। এজন্য উৎপাদনও বাড়াতে হবে। ইলিশেরও উৎপাদন ও আকার বৃদ্ধি পেয়েছে। তবে সঠিকভাবে ড্রেজিং না হওয়ায় নদীর যেসব এলাকায় ইলিশ পাওয়া যেত, সেসব এলাকায় ততোটা পাওয়া যাচ্ছে না। মৎস্য সেক্টরের এ অর্জন ধরে রাখতে তৎপর হতে হবে।
বুধবার বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। নগরীর কাশিপুর মৎস্য বীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের (পরিচালক রিজার্ভ) আজিজুল হক, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।
